প্রধান খবর

‘আমি ক্ষমতায় থাকা পর্যন্ত ইরান-নিয়ন্ত্রিত ফিলিস্তিন রাষ্ট্র হতে দেব না’: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি দিয়ে বলেছেন, তিনি ক্ষমতায় থাকা পর্যন্ত গাজা কিংবা পশ্চিম তীরে ইরান-নিয়ন্ত্রিত কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে দেবেন না। এক বিবৃতিতে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি এই কথা জানান।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, “আমি যতদিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকব, ততদিন ইরান-নিয়ন্ত্রিত কোনো ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠবে না- গাজাতেও নয়, আবার জুডিয়া ও সামারিয়াতেও নয়।” উল্লেখ্য, ইসরায়েল সরকার ঐতিহাসিক ও রাজনৈতিক কারণে অধিকৃত ‘পশ্চিম তীর’ অঞ্চলকে ‘জুডিয়া ও সামারিয়া’ নামে অভিহিত করে থাকে।

নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময়ে এলো যার কিছুদিন আগেই রা’আম পার্টির চেয়ারম্যান মানসুর আব্বাস এক দলীয় সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জোরালো বক্তব্য দেন। মানসুর আব্বাস বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইতোমধ্যে একটি বাস্তবতায় রূপ নিয়েছে এবং বিশ্বের অধিকাংশ দেশই একে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। তিনি শান্তি প্রতিষ্ঠা, দখলদারিত্বের অবসান এবং সংঘাত নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

তবে মানসুর আব্বাসের এই আহ্বানের তীব্র বিরোধিতা করে নেতানিয়াহু তাঁর পূর্ববর্তী অবস্থানেই অনড় থাকার বার্তা দিলেন। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য শান্ত প্রক্রিয়ায় ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি যে আবারও বড় ধরনের রাজনৈতিক জটিলতার মুখে পড়ল, তা একপ্রকার নিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *