প্রধান খবর

অস্ট্রেলিয়ার মাটিতে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়ে রেকর্ড বই তছনছ করলেন শরিফুল

অস্ট্রেলিয়ার মাটিতে বল হাতে ধ্বংসযজ্ঞ চালিয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। অজিদের বিপক্ষে মেকাইতে অনুষ্ঠিত টেস্টে ৪৮ রান দিয়ে ৭ উইকেট শিকার করে এক একাধিক অনন্য রেকর্ড গড়েছেন তিনি। এটিই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো পেসারের সেরা বোলিং ফিগার।

পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সেরা বোলিংয়ের তালিকায় শরিফুলের এই পারফরম্যান্স (৭/৪৮) রয়েছে তৃতীয় অবস্থানে। টেস্টে এক ইনিংসে সেরা বোলিংয়ের শীর্ষ দুটি স্থান স্পিনারদের দখলে। ২০১৪ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে ৮ উইকেট নিয়ে শীর্ষে অবস্থান করছেন তাইজুল ইসলাম। এরপর ২০০৮ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৬ রানে ৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান।

তবে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে ইনিংসে ৭ উইকেট নেওয়ার অনবদ্য কীর্তি গড়লেন শরিফুল। এতদিন পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল শাহাদাত হোসেনের দখলে, যিনি ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট পেয়েছিলেন। শুধু তা-ই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে টেস্টের এক ইনিংসে এটিই এখন পর্যন্ত কোনো বাংলাদেশি বোলারের সেরা পারফরম্যান্স।

দেশ ও বিদেশ মিলিয়ে টেস্ট ইনিংসে ৭ উইকেট নেওয়া বাংলাদেশের পঞ্চম বোলার শরিফুল। তাঁর আগে এই তালিকায় থাকা অন্য চারজনই স্পিনার-তাইজুল ইসলাম (তিনবার), সাকিব আল হাসান, এনামুল হক জুনিয়র ও মেহেদী হাসান মিরাজ।

দেশীয় রেকর্ডের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও স্মরণীয় এক মাইলফলক স্পর্শ করেছেন এই তরুণ তুর্কি। অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ১৪৩ বছর পর কোনো সফরকারী বাঁহাতি পেসার হিসেবে এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার বিরল গৌরব অর্জন করলেন শরিফুল। এর আগে সর্বশেষ ১৮৮৩ সালে ইংল্যান্ডের বাঁহাতি পেসার রিচার্ড বার্লো ৪০ রানে এবং তারও আগে ১৮৭৯ সালে টম এমেট ৬৮ রানে ৭ উইকেট নেওয়ার কীর্তি দেখিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *