প্রধান খবর

কার্গো জাহাজডুবি: বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ২৪

বঙ্গোপসাগরে ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া নিয়ে পানামার পতাকাবাহী ‘এমভি ওশেন উইনার’ নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে এক বাংলাদেশি নাগরিকসহ মোট ২৪ জন নাবিক ছিলেন। ভারত থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনাকবলিত ওই জাহাজের ২৪ জনের মধ্যে ২০ জন চীনের, ৩ জন মিয়ানমারের এবং ১ জন বাংলাদেশের নাগরিক। ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে পণ্য বোঝাই করে গত ২০ আগস্ট স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল। গত ২২ আগস্ট সকালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জাহাজটির সাথে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানতে পারে।

পরবর্তীতে জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড’ আনুষ্ঠানিকভাবে ভারতীয় কতৃপক্ষকে বিষয়টি অবহিত করে অনুসন্ধান ও জরুরি উদ্ধার সহায়তার আবেদন জানায়। খবর পেয়েই উদ্ধার তৎপরতা শুরু করেছে উদ্ধারকারী দল।

নিখোঁজ নাবিকদের সন্ধানে উদ্ধার অভিযানে নেমেছে ভারতীয় কোস্টগার্ড। ইতোমধ্যে ‘বরদ’ ও ‘আনমোল’ নামে কোস্টগার্ডের দুটি জাহাজ দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং শ্রী বিজয়া পুরম থেকে ‘বিজিত’ নামের আরও একটি জাহাজ অভিযানে যোগ দিতে রওয়ানা হয়েছে। কোস্টগার্ড ইতোমধ্যে একটি লাইফ র‍্যাফ্ট (জীবনরক্ষা বহর) থেকে ২ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটি—ঠিক কী কারণে জাহাজটি ডুবেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *