বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাদের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন।
এদিকে রাষ্ট্রপতির শপথ গ্রহণের জন্য বঙ্গভবনের দরবার হলে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি অনুষ্ঠান পরিচালনা করবেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করলে রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। পরবর্তী সময়ে সাংবিধানিক প্রক্রিয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়।

