প্রধান খবর

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন মুখ, পাঠানো হলো ছয় গাড়ি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আরও চারজন নতুন সদস্য যুক্ত হওয়ার কথা রয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্বের পরিবর্তন বা রদবদল হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণের পর নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে। এদিন দুজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিতে পারেন।

নতুন মন্ত্রী হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থের নাম জানা গেছে। দুজনই মন্ত্রিসভা থেকে শপথের জন্য ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যবহারের জন্য পরিবহন অধিদপ্তর থেকে ছয়টি গাড়ি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন।

নতুন সদস্যরা শপথ নিলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়াবে। গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভায় ৫০ জন সদস্য ছিলেন। এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন, যারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন; তবে তারা মন্ত্রিসভার সদস্য নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *