জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার টানানো হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ৪র্থ ফটকে ব্যানারটি স্থাপন করা হয়।
ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং ২১ আগস্টের গ্রেনেড হামলার বিভিন্ন মুহূর্তের আলোকচিত্র ব্যবহার করা হয়েছে। এতে ‘ভয়াল ২১ শে আগস্ট’সহ বিভিন্ন স্লোগানও লেখা রয়েছে।
জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিক হোসাইন মুসার উদ্যোগে ব্যানারটি স্থাপন করা হয়। তিনি বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় জবি ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতেই এটি স্থাপন করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আজম খান বলেন, তিনি বিষয়টি আগে জানতেন না। তাঁর ভাষ্য, নিষিদ্ধ সংগঠনটির মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্ক থাকবে।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ অনেকে হতাহত হন। প্রতিবছর দিনটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হয়ে থাকে।

