বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসে ফ্যাসিস্ট সরকারের দেখানো পথেই হাঁটছে এবং সামগ্রিকভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বিএনপি সরকারের ছয় মাসের কার্যক্রম মূল্যায়ন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, যেসব সৎ ও দক্ষ সরকারি কর্মকর্তাকে সরকার নিজেদের অনুগত মনে করছে না, তাদের বিভিন্ন স্থানে বদলি ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হচ্ছে। এর মধ্য দিয়ে দেশের প্রশাসনিক পরিস্থিতি উদ্বেগজনক দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে কমিটি গঠন করায় সরকারকে ধন্যবাদ জানান জামায়াতের এই নেতা। রিজার্ভ বৃদ্ধির পেছনে সরকারের বিশেষ কোনো ভূমিকা নেই দাবি করে তিনি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণেই রিজার্ভ বেড়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

