প্রধান খবর

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

দেশে ফেরা বাংলাদেশিদের মধ্যে তিনজন নারী, একজন শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানায়, দেশে ফেরা এসব বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনিয়মিতভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে লিবিয়ার উপকূল থেকে তাদের উদ্ধার করে বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়। এর মধ্যে অনেকে দীর্ঘদিন গ্যানফুদা ডিটেনশন সেন্টারে ছিলেন।

পরিচয় যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদনসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। ঢাকায় পৌঁছানোর পর তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে অসুস্থ ১৫ জনের শারীরিক অবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় আটক বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনতে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

এর আগে গত ৭ আগস্ট লিবিয়া থেকে ৩৪০ বাংলাদেশি দেশে ফিরেছিলেন। ফলে আগস্ট মাসে দুই দফায় লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টার থেকে মোট ৫১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *