প্রধান খবর

নারীদেরই আগে এগিয়ে আসতে হবে, গোলাপি বাস নিয়ে আত্মবিশ্বাসী চালকরা

রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ‘মহিলা বাস’ সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ সার্ভিসের বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে সার্ভিসটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

বিআরটিসির প্রশিক্ষক ও চালক হিসেবে দায়িত্ব পালন করা নারী চালকরাই এবার গোলাপি রঙের বাস নিয়ে সড়কে নামছেন। প্রায় দেড় মাসের বিশেষ প্রশিক্ষণ শেষে তারা বড় বাস চালানোর জন্য প্রস্তুত হয়েছেন। তাদের প্রত্যাশা, নারীদের জন্য পৃথক এ বাস সার্ভিস নিরাপদ যাতায়াতের পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও আত্মবিশ্বাস বাড়াবে।

মিরপুর-১২ থেকে মতিঝিল রুটে দায়িত্ব পালন করবেন নারী চালক খাদিজাতুল রিমা। তিনি বলেন, নারীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তারা স্বেচ্ছায় এ দায়িত্ব নিয়েছেন। একজন নারী হিসেবে অন্য নারীদের সেবা দেওয়ার মধ্যে আলাদা আনন্দ রয়েছে বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জ থেকে মতিঝিল রুটে দায়িত্ব পালন করবেন জান্নাতুল ফেরদৌসী। দীর্ঘদিন প্রশিক্ষক ও ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করা এই চালক বলেন, নারীদেরই আগে এগিয়ে আসতে হবে। সহযোগিতা পেলে পুরুষ চালকদের মতো তারাও দক্ষতার সঙ্গে বড় বাস চালাতে পারবেন বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।

আরেক নারী চালক সাথি খাতুন জানান, প্রায় দেড় মাসের বেশি সময় তারা বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। ফলে রাজধানীর যানজটপূর্ণ সড়কেও বাস চালাতে সমস্যা হবে না বলে মনে করেন তিনি।

এদিকে গাজীপুরের শিববাড়ী থেকে বিমানবন্দর রুটে দায়িত্ব পালন করবেন নারী কন্ডাক্টর তানিয়া আক্তার। তিনি জানান, যাত্রীদের কাছ থেকে পস (পয়েন্ট অব সেল) মেশিনের মাধ্যমে নির্ধারিত ভাড়া আদায় করা হবে।

প্রাথমিকভাবে মিরপুর-১২ থেকে মতিঝিল, নারায়ণগঞ্জ থেকে মতিঝিল এবং গাজীপুরের শিববাড়ী থেকে বিমানবন্দর রুটে ‘মহিলা বাস’ সার্ভিস চালুর কথা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নারী চালক ও কন্ডাক্টরদের দায়িত্বে এ সার্ভিস চালুর মাধ্যমে গণপরিবহনে নারীদের কর্মসংস্থান ও নেতৃত্বের নতুন সুযোগ তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *