প্রধান খবর

মাদক সেবনের অভিযোগে পুলিশ সদস্যসহ আটক ৪

নরসিংদীর বেলাবোতে মাদক সেবনের অভিযোগে শামসুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বেলাবো সদর ইউনিয়নের মাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে বেলাবো থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক অন্যরা হলেন মাটিয়ালপাড়ার উজ্জল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের রকি (২৮) ও মজনু মিয়ার ছেলে মো. বাদল (৩৭)। শামসুল ইসলাম বেলাবো থানায় কনস্টেবল পদে কর্মরত।

বেলাবো উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের দাবি, রাতে মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে শামসুল ইসলামসহ কয়েকজন মাদক সেবন করছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন বাগানবাড়িটি ঘেরাও করে তাদের আটক করেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক বা অন্য কোনো অপকর্মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ২৭ এপ্রিল উপজেলার খামারের চর এলাকা থেকে জীবন নামে বেলাবো থানার এক কনস্টেবলকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *