প্রধান খবর

একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ: ক্যানিজিয়া

বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। তার বিশ্বাস, ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ পাবে।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে আয়োজিত ‘ঢাকা ইন্টার-স্কুল চ্যাম্পিয়নস লিগ’-এর ফাইনালে সংবাদ সম্মেলনে এ আশার কথা জানান ১৯৯০ বিশ্বকাপে আলোচিত এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ফাইনালের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিতে বাংলাদেশে আসেন ক্যানিজিয়া। বৃষ্টির কারণে অবশ্য পুরো ম্যাচটি উপভোগ করতে পারেননি তিনি। ম্যাচে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালকে (বিআইটি) হারিয়ে শিরোপা জেতে নৌবাহিনী কলেজ।

বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে ক্যানিজিয়া বলেন, বিশ্বকাপে জায়গা করে নেওয়া সবসময় কঠিন। তবে বাংলাদেশ আগের চেয়ে আরও ভালো করবে বলে তিনি আশা করেন। বিশ্বকাপে বর্তমানে ৪৮টি দল অংশ নেওয়ায় ভবিষ্যতে বাংলাদেশের জন্যও সুযোগ তৈরি হতে পারে বলে মনে করেন তিনি।

তরুণ ফুটবলারদের উদ্দেশে ক্যানিজিয়া বলেন, ফুটবলে সফলতার জন্য কঠোর শৃঙ্খলা, সঠিক প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা প্রয়োজন। কোনো সংক্ষিপ্ত পথ নেই; কোচের নির্দেশনা মেনে নিজেদের ওপর বিশ্বাস রেখে নিয়মিত অনুশীলন করতে হবে।

বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল সমর্থনেও মুগ্ধ ক্যানিজিয়া। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আর্জেন্টিনার সমর্থক থাকলেও বাংলাদেশের মানুষের মতো আবেগ ও ভালোবাসা খুব কম জায়গাতেই দেখা যায়।

১৯৯০ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার পাস থেকে ক্যানিজিয়ার করা গোলটি ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত। ম্যারাডোনাকে বন্ধু উল্লেখ করে তিনি বলেন, জাতীয় দলে দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন তারা। ম্যারাডোনার মৃত্যুতে আর্জেন্টাইনরা তাকে গভীরভাবে স্মরণ করে বলেও জানান তিনি।

এদিকে ২০৩০ বিশ্বকাপে লিওনেল মেসির অংশগ্রহণ নিয়েও কথা বলেন ক্যানিজিয়া। তার মতে, মেসির জন্য তখন বিশ্বকাপে খেলা কঠিন হতে পারে। তবে মেসি চাইলে নিজের সামর্থ্য দিয়ে তা সম্ভব করতে পারেন বলেও মন্তব্য করেন সাবেক এই তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *