প্রধান খবর

জামায়াত জোটের প্রার্থীর মনোনয়ন দাখিল আজ

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী আজ মনোনয়নপত্র দাখিল করবেন। জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের মনোনয়নপত্র দাখিল করা হবে।

১১ দলীয় জোটের সমন্বয়ক এএইচএম হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ে জোটের প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে এ মনোনয়নপত্র দাখিল করা হবে।

এদিকে, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী আজ দলটির স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। প্রার্থী চূড়ান্ত হওয়ার পর তার পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *