কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভয়াবহ দাবানল: জরুরি অবস্থা জারি

 দাবানলের লেলিহান শিখায় বিপর্যস্ত হয়ে পড়েছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশ। চারদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরিস্থিতি চরম আকার ধারণ করায় প্রদেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সাথে বড় ধরনের প্রাণহানি এড়াতে দুটি প্রধান শহর ও আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এপির প্রতিবেদনে জানানো হয়, ব্রিটিশ কলম্বিয়ায় বর্তমানে একযোগে ১০০টিরও বেশি সক্রিয় দাবানল ছড়িয়ে পড়েছে। তীব্র তাপদাহ, শুষ্ক ও ঝড়ো হাওয়া এবং দীর্ঘমেয়াদি খরার কারণে দাবানলগুলো অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে প্রদেশের প্রধান ডেভিড ইবি জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি এক বক্তব্যে জানান, বহু পরিবার ইতিমধ্যে তাদের ঘরবাড়ি ও সবকিছু হারিয়ে চরম অনিশ্চয়তা ও দুঃসহ দিন কাটাচ্ছে।

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, ওকানাগান লেক অববাহিকার সামারল্যান্ড শহরের পুরো ১২ হাজার বাসিন্দা এবং পার্শ্ববর্তী পিচল্যান্ডসহ আশপাশের এলাকার আরও প্রায় আট হাজার মানুষকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের দাবানল অপারেশন পরিচালক ক্লিফ চ্যাপম্যান জানিয়েছেন, অনেক স্থানে সড়কপথ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় বহু মানুষ আটকা পড়েছিল। তাদের উদ্ধারের জন্য দ্রুত আকাশপথে হেলিকপ্টার পাঠানো হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় প্রথম শনাক্ত হওয়া ‘বল্ড রেঞ্জ’ নামক দাবানলটি মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রায় ৫০ বর্গকিলোমিটার (১৯ বর্গমাইল) এলাক জুড়ে ভয়ংকরভাবে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় প্রথমে ‘ফল্ডার’ নামের একটি ছোট জনপদ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এরপর মুহূর্তের মধ্যে দাবানলটি প্রায় ১৫ কিলোমিটার পথ পেরিয়ে সামারল্যান্ড শহরের কাছাকাছি এসে পৌঁছায়। ক্রমবর্ধমান এই ঝুঁকি মোকাবিলায় ফায়ার সার্ভিস ও বিভিন্ন জরুরি সেবামূলক সংস্থা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *