মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে নতুন অবস্থান জানিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের ইউরোপীয় মিত্র দেশগুলোর জাহাজের জন্য প্রণালীটি নিষিদ্ধ করা হয়েছে। তবে এসব দেশের বাইরে থাকা রাষ্ট্রগুলোর বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে দেওয়া এক বক্তব্যে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে না, তবে নিরপেক্ষ বা অন্য দেশের জাহাজ চলাচল অব্যাহত থাকবে।
আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের মোট তেল ও তরল প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজের প্রায় ২০ শতাংশ প্রতিদিন এই পথ ব্যবহার করে থাকে। এ কারণে প্রণালীটি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এবং সংঘাত শুরুর পর থেকে আইআরজিসি প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কবার্তা দিতে শুরু করে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুযায়ী, ওই সময় থেকে এখন পর্যন্ত অন্তত ১০টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

