শেরপুরের নকলা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও অবৈধ যান ভটভটির মুখোমুখি সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে পড়ে মুজাহিদুল ইসলাম নামের ১৭ মাস বয়সি এক নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত শিশুর মা-বাবাসহ আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড় ৭টার দিকে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু মুজাহিদুল ধনাকুশা এলাকার মনিরুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন দম্পতির সন্তান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে ধনাকুশা বাজার এলাকায় যাত্রীভোঝাই সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি ভটভটির বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্র ধাক্কায় অটোরিকশায় থাকা নিলুফা ইয়াসমিনের কোল থেকে ছিটকে শক্ত পিচঢালা সড়কে পড়ে যায় শিশু মুজাহিদুল। এতে সে মাথায় প্রচণ্ড আঘাত পায়। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মঞ্জুরুল ইসলাম শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
ভয়াবহ এই দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী নাহিদ হাসান (১৫) ও জাহানারা বেগম (৫৫) মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে নিহত শিশুর বাবা মনিরুল ইসলাম (৩০), মা নিলুফা ইয়াসমিন (২৫) ও ফুরকান হামিদ (৩০) প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, সড়ক দুর্ঘটনায় ১৭ মাসের এক শিশুর অকাল মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটি উভয় যান আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।