সিলেট ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৮

সিলেটের ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কাশিকাপন এলাকায় ঢাকাগামী ‘ইউনিক পরিবহন’ এবং বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ‘বেঙ্গল স্লিপার কোচ’-এর মধ্যে এক বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ড ধাক্কায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ জন যাত্রী মর্মান্তিকভাবে প্রাণ হারান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। আশঙ্কাজনক অবস্থায় আহত এক শিশুকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এছাড়াও এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন। এদিকে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *