প্রধান খবর

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে কার্গো সেবা স্থগিত করছে চীন

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে উপসাগরীয় কয়েকটি দেশের সঙ্গে কার্গো পরিবহন সেবা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে চীন। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

চীনের রাষ্ট্রায়ত্ত শিপিং কোম্পানি কসকো শিপিং লাইনস এক বিবৃতিতে জানিয়েছে, গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী রুটগুলোতে নতুন বুকিং আপাতত বন্ধ রাখা হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

জানা গেছে, এই স্থগিতাদেশের আওতায় বাহরাইন, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কয়েকটি বন্দরের উদ্দেশ্যে নতুন বৈশ্বিক বুকিং গ্রহণ বন্ধ থাকবে। একই সঙ্গে কাতার, বাহরাইন, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের কিছু অঞ্চল থেকে পণ্য পরিবহনও সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

এদিকে বিশ্বের অন্যতম বড় তেল ট্যাঙ্কার অপারেটরসহ কয়েকটি আন্তর্জাতিক শিপিং কোম্পানিও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে। ইরান সম্প্রতি সতর্ক করে জানিয়েছে, ওই প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা লক্ষ্যবস্তু করা হতে পারে।

তবে কিছু আঞ্চলিক বন্দর এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে। কারণ এসব বন্দরে যেতে হরমুজ প্রণালী অতিক্রম করতে হয় না। কসকো জানিয়েছে, সৌদি আরবের জেদ্দা বন্দর এবং সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান ও ফুজাইরাহ বন্দরে তাদের কার্গো সেবা আপাতত স্বাভাবিক থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *