প্রধান খবর

পল কাপুরের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১১টায় বিএনপির প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয় এবং প্রায় ৫০ মিনিট আলোচনা শেষে বেলা ১১টা ৫০ মিনিটে তারা বেরিয়ে আসে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নওশাদ জমির, মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ ও নিপুণ রায় চৌধুরী।

বৈঠক শেষে সাংবাদিকদের আবদুল মঈন খান বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র এবং অতীতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে এসেছে। নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের নীতিমালা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করতেই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও জানান, আলোচনায় দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক যোগাযোগ, বৈদেশিক ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক এবং সমসাময়িক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *