প্রধান খবর

২৬ দিনেও মেলেনি ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার সন্ধান

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন গত ২৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ ও গভীর তদন্তের দাবি জানানো হয়েছে।

জেলিনের মা ফরিদা ইয়াসমীন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, জিডিতে উল্লেখিত সময়ের সঙ্গে তার জানা তথ্যের অসংগতি রয়েছে। তার দাবি, নিখোঁজ হওয়ার দিন ৮ জুলাই বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ছেলের সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে। অথচ জিডিতে বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে রাত ১১টার মধ্যে কোনো এক সময়ে নিখোঁজ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

পরিবারের ভাষ্য, জেলিনের ব্যক্তিগত জীবনে কোনো পরিচিত শত্রু ছিল না। তবে কর্মস্থল-সংশ্লিষ্ট কোনো বিরোধ বা অন্য কোনো কারণ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তাদের সন্দেহ। তারা জিডি দায়েরকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন।

এদিকে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ জানান, জেলিন নিখোঁজ হওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। পাশাপাশি পরিবারের কাছ থেকে পাওয়া যেকোনো তথ্যও তদন্তকারী সংস্থার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি দ্রুত জেলিনের নিরাপদ প্রত্যাবর্তনের আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *