প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট করার অভিযোগে গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সাময়িক অব্যাহতি পেয়েছেন।
সোমবার (৪ আগস্ট) বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিনের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়। অভিযোগে বলা হয়েছে, পোস্টটিতে মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য ছিল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরে সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেলা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ওসি ইব্রাহীম আলী জানান, অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

