বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে অবৈধ তদবিরের অভিযোগে মো. কামরুজ্জামান টুকু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) রাতে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত একটি সিল ও স্ট্যাম্প জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রভাব খাটানো ও অবৈধ তদবিরের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিসহ আরও দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

