ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠ সার্সেলে অনুষ্ঠিত ‘ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট’-এ সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তুলেছেন জনপ্রিয় শিল্পী নগর বাউল জেমস। রোববার (২ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় দর্শক অংশ নেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, তিন হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে আয়োজিত এ উৎসবের প্রধান আকর্ষণ ছিলেন জেমস। পাশাপাশি বাংলাদেশি ব্যান্ড ‘জলের গান’ এবং নেদারল্যান্ডসভিত্তিক বাংলাদেশি শিল্পী বিন্তিও সংগীত পরিবেশন করেন। শিল্পীদের পরিবেশনায় দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
আয়োজকরা জানান, প্রতিবছর ‘ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট’ আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও ২০২৩ সালে ফ্রান্সের পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি। এবার সফলভাবে আয়োজন সম্পন্ন হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি অনুষ্ঠানে ছিল দেশীয় খাবার, বিভিন্ন পণ্যের স্টল এবং ঐতিহ্যবাহী খেলাধুলার ব্যবস্থা। এছাড়া দর্শকদের যাতায়াত সহজ করতে ট্রেন স্টেশন থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত বিনামূল্যে বাসসেবার ব্যবস্থা করা হয়।

