দীর্ঘ প্রায় দেড় বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আবারও ফুটবল গড়িয়েছে। সংস্কারকাজ শেষ হওয়ার পর রোববার (২ আগস্ট) মাঠটির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে জুলাই-আগস্ট শহীদ স্মরণে আন্তঃঅনুষদ ছাত্র ফুটবল প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রতিযোগিতার উদ্বোধন করেন। শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ছয়টি দল অংশ নিচ্ছে। আগামী ৫ আগস্ট একই মাঠে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে ক্যাম্পাসজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কেন্দ্রীয় খেলার মাঠের সংস্কার, ওয়াকওয়ে নির্মাণ ও সৌন্দর্যবর্ধনে প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। সংস্কারকাজ চলাকালে মাঠটি প্রায় দেড় বছর বন্ধ থাকায় শিক্ষার্থীরা নিয়মিত ক্রীড়া কার্যক্রম থেকে বিরত ছিলেন।
উপাচার্য বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জানান, ভবিষ্যতে ক্যাম্পাস সম্প্রসারণের পর আধুনিক স্পোর্টস কমপ্লেক্স, নতুন খেলার মাঠ, সুইমিংপুলসহ বিভিন্ন ক্রীড়া সুবিধা নির্মাণের পরিকল্পনা রয়েছে।

