শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা, সেনাবাহিনী মোতায়েন

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠে অবস্থিত মাহারা কারাগারে দাঙ্গার ঘটনায় একজন বন্দি নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাগারটিতে সেনাবাহিনী ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) কমান্ডো মোতায়েন করা হয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, শনিবার অতিরিক্ত বন্দির চাপে থাকা মাহারা কারাগারে বন্দিরা একাধিক ভবনে ভাঙচুর চালায়। দাঙ্গার সময় কারাগারের রান্নাঘর, হাসপাতাল, নবনির্মিত পুনর্বাসন ভবন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। পরে নিরাপত্তা বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বন্দিদের নিজ নিজ সেলে ফিরিয়ে নেওয়া হয়।

কর্তৃপক্ষের তথ্যমতে, মাহারা কারাগারে বর্তমানে প্রায় ৪ হাজার ১০০ বন্দি থাকলেও এর ধারণক্ষমতা এর তুলনায় অনেক কম। অতিরিক্ত বন্দির চাপকে কারাগার ব্যবস্থাপনার অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালেও একই কারাগারে দাঙ্গার ঘটনায় ১১ বন্দি নিহত এবং প্রায় ১২০ জন আহত হন। সাম্প্রতিক ঘটনাগুলোর পর কারাগারে অতিরিক্ত বন্দির চাপ কমাতে পরিত্যক্ত সরকারি ভবনকে কারাগারে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে শ্রীলঙ্কা সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *