এনসিপি নেতা শওকতের বিরুদ্ধে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের বিরুদ্ধে এক ব্যাংক কর্মীকে অপহরণ, শারীরিক নির্যাতন, ছিনতাই এবং অর্থ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আশরাফুল ইসলাম শনিবার (১ আগস্ট) রাতে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, আশরাফুল ইসলাম ইসলামী ব্যাংক পিএলসি নওগাঁ শাখায় কর্মরত। তিনি বগুড়া শহরের একটি এটিএম বুথ থেকে বেতন উত্তোলনের পর বাড়ি ফেরার পথে শওকত ইমরান ও অজ্ঞাত পরিচয়ের আরও চারজন তার গতিরোধ করেন। পরে তাকে জোরপূর্বক একটি ছাত্রাবাসে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং নগদ অর্থ, মোবাইল ফোন, পরিচয়পত্র, এটিএম কার্ড ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শন করে একটি ভিডিও ধারণ করেন এবং পরে বিকাশের মাধ্যমে অতিরিক্ত ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়।

এ বিষয়ে শওকত ইমরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *