দুবাই আদালত থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের শর্তসাপেক্ষে জামিন পাওয়ার ঘটনায় তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। তাঁর জামিন আদেশ বাতিল এবং দ্রুত দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে দুবাইতে একটি বিশ্বস্ত ল’ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
রোববার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের সকল ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য প্রকাশ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, “সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে আমরা খবর পেয়েছি। তাঁর জামিন আদেশ বাতিল করে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুবাইতে ল’ফার্ম নিয়োগ করা হয়েছে। নিয়োগকৃত ল’ফার্ম আদালতের সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। আশা করছি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাঁর বেইল (জামিন) ক্যানসেল করিয়ে দ্রুততম সময়ে তাঁকে দেশে ফিরিয়ে আনতে পারব।”
এর আগে রোববার দুপুরে আন্তর্জাতিক গণমাধ্যমে আসা বেনজীর আহমেদের জামিনের বিষয়ে জানতে চাইলে ঢাকার পুলিশ সদর দপ্তর জানায় যে, বিষয়টি নিয়ে তাদের কাছে তাৎক্ষণিক কোনো দাপ্তরিক তথ্য পৌঁছায়নি। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন জানান, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলো তদারকি করছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন এবং ৩০ জুলাই তিনি মুক্ত হন। তবে দুবাই আদালত তাঁর ওপর কড়া বিধিনিষেধ জারি করে নির্দেশ দিয়েছে যে, তাঁর মূল পাসপোর্ট আদালতের হেফাজতে জমা থাকবে এবং অনুমতি ছাড়া তিনি আমিরাত ত্যাগ করতে পারবেন না। ফলে সরকার দুবাইতে আইনি লড়াই চালিয়ে তাঁকে প্রত্যর্পণের ওপরই সর্বোচ্চ জোর দিচ্ছে।

