যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় কয়েকজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে। তবে হতাহতদের সুনির্দিষ্ট সংখ্যা এবং আহতদের শারীরিক অবস্থার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
টুইন ফলস পুলিশের তথ্য কর্মকর্তা জশ পামার জানান, ঘটনার পর জারি করা সব ‘শেল্টার-ইন-প্লেস’ নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। পুলিশপ্রধান ম্যাথিউ হিকস বলেন, প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে যে, বর্তমানে জনসাধারণের জন্য আর কোনো তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি নেই।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রাথমিকভাবে অন্তত তিনজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এই সংখ্যার মধ্যে সন্দেহভাজন বন্দুকধারী অন্তর্ভুক্ত কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি। ঘটনাস্থলের কাছ থেকেই সন্দেহভাজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার পরিচয় ও হামলার উদ্দেশ্য উদঘাটনে তদন্ত চলছে।
ব্যস্ত বাণিজ্যিক এলাকায় সংঘটিত এ ঘটনার পর পুলিশ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

