দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটক বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ও গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনাটি দেশটির ঐতিহাসিক নাজকা লাইনস এলাকার ওপর দিয়ে উড্ডয়নের সময় ঘটে।
স্থানীয় সময় শনিবার দুপুরে পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়নের পর সেসনা ক্যারাভান সি২০৮ মডেলের বিমানটি পুয়েবলো ভিয়েখো এলাকায় বিধ্বস্ত হয়। বিমানে ১১ জন যাত্রী ও দুইজন পাইলট ছিলেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুইজন জার্মান, দুইজন স্প্যানিশ এবং সাতজন ইতালীয় পর্যটক ছিলেন। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা হোর্হে আন্দ্রাদে জানান, দুর্ঘটনাটি অত্যন্ত ভয়াবহ হওয়ায় কেউ জীবিত উদ্ধার হননি। উদ্ধারকারীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী নাজকা লাইনস আকাশ থেকে দেখার জন্য প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটক ছোট বিমানে ভ্রমণ করেন। দুর্ঘটনার পর নাসকা প্রাদেশিক পৌর কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। উল্লেখ্য, এর আগেও একই এলাকায় একাধিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

