রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বক্তব্যে গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ)। একই সঙ্গে সংগঠনটি তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে।
বুধবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আরটিজেএর সভাপতি শ. ম. সাজু ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রাসেল বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সহিংসতার ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশের পর সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এ ধরনের বক্তব্য স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য উদ্বেগজনক। তারা উল্লেখ করেন, জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা সংবাদমাধ্যমের মৌলিক দায়িত্ব।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট পরিস্থিতির সংবাদ প্রকাশের দায় সাংবাদিকদের ওপর বর্তায় না। একজন ছাত্রনেতার কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত হলেও সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন বা হুমকির ভাষা গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

