পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হবে না। জনগণের আস্থা, সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমে একটি জনবান্ধব ও জবাবদিহিমূলক পুলিশ বাহিনী গড়ে তোলাই বর্তমান লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (২৮ জুলাই) কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জনসম্পৃক্ত পুলিশিং জোরদার বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ জনগণের পাশে থেকেই দায়িত্ব পালন করবে।
পুলিশ সুপার আরও জানান, বদরখালী এলাকায় একটি পুলিশ ফাঁড়ির প্রয়োজনীয়তা রয়েছে। জনবল সীমিত হলেও সেখানে ছোট পরিসরে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে সাব-ইন্সপেক্টরদের বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনার কথাও জানান তিনি।
অবৈধ অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান পরিচালনার আশ্বাস দিয়ে এ এন এম সাজেদুর রহমান বলেন, অস্ত্র তৈরির উৎস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পুলিশ বাহিনীর সক্ষমতা ও কার্যকারিতা আরও শক্তিশালী হবে।

