প্রধান খবর

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে ঘিরে জোর আলোচনা

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন এ প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

রাজনৈতিক সূত্রগুলোর মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক নেতৃত্ব এবং বিভিন্ন মহলে গ্রহণযোগ্যতার কারণে মির্জা ফখরুলের নাম আলোচনায় এসেছে। সংশ্লিষ্টদের ধারণা, রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে আলোচনা হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে তফসিল ঘোষণা ও নির্বাচন আয়োজনের বিষয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের ভোটেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিধান রয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *