ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এবারও এমএলএস অল-স্টার ম্যাচে অংশ নিচ্ছেন না। আগামী বুধবার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রথাগত অল-স্টার ম্যাচে খেলবেন না তিনি। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো এই প্রদর্শনী ম্যাচ থেকে দূরে থাকছেন বিশ্বকাপজয়ী তারকা।
মেসির পাশাপাশি ইন্টার মায়ামির নতুন সতীর্থ রদ্রিগো দে পলকেও অল-স্টার ম্যাচ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমএলএস জানিয়েছে, বিশ্বকাপ শেষে খেলোয়াড়দের বিশ্রামের বিষয়ে পূর্ববর্তী সমঝোতা অনুযায়ী তাদের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এবার অংশ না নেওয়ার কারণে মেসিকে কোনো ধরনের শাস্তির মুখোমুখি হতে হচ্ছে না।
বর্তমানে নিজ শহর রোজারিওতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন মেসি। তবে কবে তিনি ইন্টার মায়ামিতে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়। আগামী শনিবার কলম্বাস ক্রুর বিপক্ষে এমএলএসের নকআউট পর্বের ম্যাচে মাঠে নামবে ইন্টার মায়ামি।
অন্যদিকে, মেসি ও রদ্রিগো দে পল অনুপস্থিত থাকলেও এমএলএস ও লিগা এমএক্স অল-স্টার ম্যাচে আন্দ্রেস কুবাস, হোসে পারাদেলা এবং হুয়ান ব্রুনেত্তাসহ একাধিক আর্জেন্টাইন ফুটবলার অংশ নেবেন।

