প্রধান খবর

পাটওয়ারীকে নিয়ে শকুর সমালোচনা, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ

মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে অভিযোগ করেছেন, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। সোমবার (২৭ জুলাই) বিকেলে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে শওকতুল ইসলাম শকু বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ সময় তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে বিভিন্ন সমালোচনামূলক মন্তব্যও করেন। তাঁর এই বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

সংসদ সদস্য শকু আরও বলেন, বর্তমান সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিচ্ছে। তাঁর দাবি, গত চার মাসে কুলাউড়া উপজেলায় ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে, যা অতীতের তুলনায় উল্লেখযোগ্য। তিনি স্থানীয় বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে পর্যায়ক্রমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন।

অনুষ্ঠানে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের সভাপতিত্বে উপজেলা বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *