প্রধান খবর

নোয়াখালীতে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ডোবায় মিলল বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে বোনকে দেখতে এসে নিখোঁজ হওয়ার তিন দিন পর আবুল কাশেম (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা ডোবা থেকে আসা তীব্র দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ভাসমান অবস্থায় ওই বৃদ্ধের লাশ দেখতে পান।

সোমবার সন্ধ্যায় সেনবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিন্নাগুনি এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবুল কাশেম উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের রমিজ উদ্দিন ভূঁইয়া বাড়ির প্রয়াত নুর মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার অসুস্থ শারীরিক অবস্থা নিয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন আবুল কাশেম। পরবর্তীতে হাতে ক্যানোলা লাগানো অবস্থাতেই তিনি হাসপাতাল থেকে বিন্নাগুনি গ্রামে চিকিৎসাধীন বোনকে দেখতে যান। তবে বোনের বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলাতে পারেননি।

অবশেষে সোমবার সন্ধ্যায় বিন্নাগুনি গ্রামের একটি ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় পথচারী ও স্থানীয়রা তীব্র দুর্গন্ধ পান। দুর্গন্ধ অনুসরণ করে ডোবার পাড়ে এগিয়ে গেলে তারা পানিতে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হলে সেনবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, নিহত আবুল কাশেম কিছুটা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। বোনের বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

তিনি আরও জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলেই এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে-তা স্পষ্টভাবে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *