চট্টগ্রামে শুরু চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ, কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

চট্টগ্রামের আনোয়ারায় বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন) নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। সোমবার (২৭ জুলাই) ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগভিত্তিক শিল্পাঞ্চল বাস্তবায়নের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে অন্তত এক লাখ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

২০১৪ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে এ প্রকল্পের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও বিভিন্ন প্রশাসনিক ও অর্থায়নসংক্রান্ত জটিলতায় কাজ শুরু হয়নি। সম্প্রতি দুই দেশের মধ্যে নতুন বিনিয়োগ চুক্তি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) মধ্যে ডেভেলপার চুক্তি স্বাক্ষরের পর প্রকল্পটি বাস্তবায়নে গতি আসে।

আনোয়ারার বেলচূড়া এলাকায় প্রায় ৮০০ একর জমির ওপর গড়ে উঠবে এই অর্থনৈতিক অঞ্চল। কর্ণফুলী টানেল, চট্টগ্রাম সমুদ্রবন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হওয়ায় এলাকাটি একটি কৌশলগত শিল্প ও লজিস্টিক হাবে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্পের আওতায় জেটি, সড়ক, গ্যাস সংযোগ, পানি সংরক্ষণাগার, বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ অবকাঠামোসহ আধুনিক শিল্পসুবিধা নির্মাণ করা হবে।

সরকারের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট হবে। পাশাপাশি কেমিক্যাল, অটোমোবাইল অ্যাসেম্বলি, গার্মেন্টস, ওষুধ ও অন্যান্য উৎপাদনশীল শিল্পের বিকাশ ঘটবে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *