ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলের কারণে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রবল বাতাস ও তীব্র তাপমাত্রার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিন লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দমকল বাহিনী জানিয়েছে, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিরোন্দ ও লঁদ অঞ্চলে নতুন করে প্রায় ৫৫ হাজার মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে দেশটিতে সরিয়ে নেওয়া মানুষের সংখ্যা প্রায় আড়াই লাখে পৌঁছেছে। আগুন বোর্দো শহরের দিকেও অগ্রসর হওয়ায় পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং অগ্নিনিরোধক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, প্রয়োজনীয় সময় পর্যন্ত সরকার পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রম চালিয়ে যাবে।
অন্যদিকে, স্পেনে দাবানল পরিস্থিতির অবনতির কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভ্যালেন্সিয়া অঞ্চলে আগুনে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে বলেছেন, সামনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

