বিগত সময়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, বর্তমানে দেশকে এগিয়ে নেওয়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে এবং এ লক্ষ্য অর্জনে দেশপ্রেম ও সততার বিকল্প নেই।
রোববার (২৬ জুলাই) মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশপ্রেমকে জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।
পর্যটনমন্ত্রী বলেন, প্রকৃত দেশপ্রেমিক ব্যক্তি কখনো দুর্নীতির সঙ্গে জড়িত হতে পারেন না। তিনি শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রেখে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশপ্রেম, নৈতিকতা এবং দায়িত্বশীলতার সমন্বয় ঘটাতে পারলে দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

