প্রধান খবর

ওমরাহ পালনে যাওয়ার পথে প্রাণ গেল মা’সহ দুই সন্তানের

পবিত্র ওমরাহ আর পালন করা হলো না । সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার দিকে যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনায় বাবা ও এক ছেলে বেঁচে গেলেও ঘটনাস্থলেই মারা যান মা, তাঁর এক ছেলে এবং এক মেয়ে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্থানীয় সময় আনুমানিক দুপুর ১২টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ৩টা) সৌদি আরবের রিয়াদ-মক্কা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তাঁর ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। মর্মান্তিক এই দুর্ঘটনায় তানিয়া তাহমিনা রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং তাঁদের বড় ছেলে নাবিল গুরুতর আহত হয়েছেন। শফিকুল ইসলামের মূল বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।

ঘটনার বর্ণনা দিয়ে নিহত তানিয়া তাহমিনা রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর সৌদি আরব থেকে জানান, তাঁর ফুফাতো বোন, দুলাভাই এবং তাঁদের তিন সন্তানসহ ঘটনার দিন সকালে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে নিজস্ব গাড়িতে করে রিয়াদ থেকে মক্কার দিকে যাচ্ছিলেন। রিয়াদ থেকে রওনা হয়ে প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার পর পেছন থেকে একটি দ্রুতগতির ভারী যানবাহন তাঁদের প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর বোন, ছোট ভাগনে ও ভাগনি মারা যান।

ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত শফিকুল ইসলাম খোকন ও তাঁর বড় ছেলে নাবিলকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসকেরা তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তাঁদের বর্তমান শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই অপ্রত্যাশিত শোকাাবহ ঘটনায় প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের চিকিৎসার বিষয়টি তদারকি করার জন্য পরিবারের সদস্যরা সৌদি আরবের স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বিক যোগাযোগ রক্ষা করে চলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *