প্রধান খবর

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে কেন্দ্র করে চলমান আলোচনার মধ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসাসফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দেশে ফিরছেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

জানা গেছে, গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক সফরে যান স্পিকার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও তা পরিবর্তন করে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন তিনি। সংসদ সচিবালয়ের একটি সূত্রও তার আগাম প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্বাক্ষরযুক্ত পত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিতে হয়। এ কারণে রাষ্ট্রপতির পদত্যাগসংক্রান্ত গুঞ্জনের প্রেক্ষাপটে স্পিকারের দেশে ফেরা বিশেষ গুরুত্ব বহন করছে।

এদিকে সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এছাড়া সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *