সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পদত্যাগ করার পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি সতর্ক করেছেন, ঘোষিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না নিলে আবারও ছাত্র-জনতা রাজপথে নেমে আন্দোলনে বাধ্য হবে।
বৃহস্পতিবার বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কঠোর মন্তব্য করেন।
রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, “এত দিন পর এসে রাষ্ট্রপতির কেন মনে হলো তাঁকে পদত্যাগ করতে হবে? বর্তমান সরকার এতদিন একজন ফ্যাসিস্ট আমলের রাষ্ট্রপতিকে সরাতে পারেনি, যা হতাশাজনক। আমরা শুধু তাঁর পদত্যাগেই সন্তুষ্ট নই, পদত্যাগের পর আইনের আওতায় এনে তাঁর দৃষ্টান্তমূলক গ্রেপ্তার দেখতে চাই।”
স্থানীয় আইনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, সম্প্রতি জামালপুরের ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। সেই ঘটনায় এ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা জেলা পুলিশ প্রশাসন ও পুলিশ সুপারের কাছে স্পষ্ট জবাব হিসেবে চান তিনি।
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন ও গণভোটের পক্ষে অবস্থান নিয়েছিল। তবে সরকার জুলাই সনদ গ্রহণ কিংবা বাস্তবায়নে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। সরকার যে এক কোটি নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে কতজনের কর্মসংস্থান হয়েছে-তা নিয়েও তিনি তীব্র প্রশ্ন তোলেন।
বর্তমান সরকারকে জাতীয় ঐক্যের বার্তা দিয়ে নাহিদ ইসলাম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকার যদি জাতীয় ঐক্যকে গুরুত্ব না দেয়, তবে তারা সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারবে না। সরকার যদি মনে করে তাদের ভয় পাওয়ার কিছু নেই, তবে স্মরণে রাখা উচিত যেভাবে গণআন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, প্রয়োজন হলে তরুণ সমাজ ও ছাত্ররা আবার রাজপথে নেমে আসবে।”
জাতীয় নাগরিক পার্টির জামালপুর জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু সাইদ মো. শামীমের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সমাবেশ শেষে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলা পরিষদ ও পৌরসভার সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেয় দলটি।

