ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ২০২৩ বর্ষের স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থী এ আর তাহসিন জাহান মর্যাদাপূর্ণ ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রত্যাখ্যান করেছেন। ২০২৪ সালে রাজনৈতিক পরিচয়ের কারণে ক্যাম্পাসে ‘মবের শিকার’ হওয়া এবং হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষার অধিকার রক্ষায় প্রশাসন ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে তিনি এ সম্মাননা গ্রহণে অস্বীকৃতি জানান।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ আবেগঘন পোস্টে পুরস্কার প্রত্যাখ্যানের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন তিনি। তাহসিন বর্তমানে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘মাস্টার ইন পাবলিক পলিসি’ (এমপিপি) প্রোগ্রামে স্নাতকোত্তর করছেন।
ফেসবুক পোস্টে তাহসিন জানান, চার বছরের কঠোর পরিশ্রম ও নির্ঘুম রাতের ফসল হিসেবে এই স্বীকৃতি পাওয়ার স্বপ্ন তিনি সবসময় দেখেছেন। তবে রাজনৈতিক মতাদর্শ ও পরিচয়ের কারণে অন্যায্যভাবে বিভাগে বৈষম্য ও মব ভায়োলেন্সের শিকার হতে হয়েছিল তাঁকে। সহিংসতায় যুক্ত না থাকা সত্ত্বেও তাঁকে চূড়ান্ত ভাইভা ও থিসিস জমা দিতে বাধা দেওয়া হয়েছিল। পরবর্তীতে কয়েকজন শিক্ষকের সহায়তায় অনলাইনে ভাইভা দিয়ে স্নাতক সম্পন্ন করতে পারলেও বিশ্ববিদ্যালয়ের সার্বিক ভূমিকা তাঁকে দারুণভাবে ব্যথিত করেছে।
তিনি আরও লেখেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক কারণে প্রায় ১০ হাজারেরও বেশি শিক্ষার্থীর শিক্ষাজীবন ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হলেও প্রশাসন নীরব থেকে মৌলবাদী মবকে পরোক্ষ সমর্থন জুগিয়ে গেছে। কোনো প্রতিষ্ঠানের পুরস্কারের মর্যাদা তার নৈতিক দায়বদ্ধতার চেয়ে বড় হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, যে প্রশাসন নিজের শিক্ষার্থীদের নুন্যতম নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ, তাদের হাত থেকে পুরস্কার গ্রহণ করা তাঁর নীতিবিরুদ্ধ।
উল্লেখ্য, আজ সিনেট ভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি বিভাগের মোট ৪৮ জন কৃতী শিক্ষার্থী এবং সেরা গবেষণার জন্য দুজন শিক্ষকের হাতে ‘ডিনস অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়।

