প্রধান খবর

অস্ট্রেলিয়ার সিডনিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েদের মিলনমেলা

অস্ট্রেলিয়ার সিডনিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েদের মানসিক সমর্থন, গভীর ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার এক উষ্ণ বন্ধনে আগলে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিডনি বাংলা উইমেন নেটওয়ার্ক (এসবিডব্লিউএন)। সংগঠনটির আয়োজনে গত শনিবার (১২ সেপ্টেম্বর) মিন্টোর রণ মুড় কমিউনিটি সেন্টারে শিশুদের অভিভাবকদের নিয়ে এক প্রাণবন্ত ‘চা-আড্ডা ও নেটওয়ার্কিং গেট-টুগেদার’ অনুষ্ঠিত হয়েছে।

নীল আকাশ ও সবুজ প্রকৃতির মাঝে অনুষ্ঠিত এই আয়োজনটি কেবল একটি আনুষ্ঠানিক সামাজিক সামাবেশ ছিল না; বরং তা পরিণত হয় অনুভূতি বিনিময়ের এক পরম নিরাপদ আশ্রয়ে। অংশ নেওয়া মায়েরা গান, গল্প ও আড্ডার মধ্য দিয়ে নিজেদের দৈনন্দিন সংগ্রামের অভিজ্ঞতা ভাগ করে নেন। আয়োজনে অংশ নিয়ে আবেগাপ্লুত এক মা বলেন, “আমরা অবশেষে আমাদের নিরাপদ জায়গা খুঁজে পেয়েছি” (We found our safe space)-যা পুরো উদ্যোগটির আসল সাফল্যকেই ফুটিয়ে তোলে।

দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে সামাজিক সমতা, অন্তর্ভুক্তি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে এসবিডব্লিউএন। এ দিনের আয়োজনে মায়েদের পাশাপাশি বাবারাও সক্রিয়ভাবে অংশ নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পাশাপাশি প্রবাসী টিভি অস্ট্রেলিয়া, কামাল পাশা ও সাংবাদিক নাইম আবদুল্লাহ উপস্থিত থেকে কমিউনিটিতে এই ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ভূমিকা রাখেন।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য হলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবারগুলোকে এটি মনে করিয়ে দেওয়া যে—তারা একাকী নন। সম্মিলিত ভালোবাসা, সহমর্মিতা ও গভীর বোঝাপড়ার মাধ্যমেই গড়ে উঠতে পারে আরও অন্তর্ভুক্তিমূলক ও মানবিক এক সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *