প্রধান খবর

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি

গ্রিসের ক্রিট ও গাভদোস দ্বীপের মধ্যবর্তী সমুদ্র এলাকায় ৭৭ জন অভিবাসীবাহী একটি ট্রলার ডুবে অন্তত একজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় এখনো ২৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তবে দ্রুততম সময়ে অভিযান চালিয়ে ৫১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে দেশটির কোস্টগার্ড।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রিক কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা দুটি বাণিজ্যিক জাহাজের সহায়তায় ৫১ জনকে সাগর থেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার পাওয়া ব্যক্তিরাই নিশ্চিত করেছেন যে, বিপজ্জনক সমুদ্রযাত্রার সময় নৌকাটিতে মোট ৭৭ জন আরোহী অবস্থান করছিলেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি নিউজের তথ্য অনুযায়ী, নিখোঁজদের সন্ধানে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর একটি উড়োজাহাজ, কোস্টগার্ডের হেলিকপ্টার, চারটি বাণিজ্যিক জাহাজ ও একাধিক নৌযান উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। তবে ওই এলাকায় প্রচণ্ড বাতাসের কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জীবিতদের ক্রিট দ্বীপে নিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

সাম্প্রতিক সময়ে লিবিয়ার উপকূলীয় অঞ্চল থেকে ছেড়ে আসা আশ্রয়প্রার্থীদের জন্য ক্রিট ও গাভদোস দ্বীপ দুটি প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। গ্রিক অভিবাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বিগত বছরগুলোতে কঠোর পদক্ষেপের কারণে অভিবাসীদের অবৈধ আগমন প্রায় ৩১ শতাংশ হ্রাস পেলেও ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দেওয়ার ঘটনা থামছে না। সমুদ্রপথে আসা অবৈধ অভিবাসীদের আশ্রয় আবেদন গ্রহণ স্থগিত রাখার পরেও এই প্রাণঘাতী নৌডুবির ঘটনা ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *