প্রধান খবর

চিরকুটে প্রাণনাশের হুমকি পেলেন ভৈরব পৌর নির্বাহী কর্মকর্তা

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুকের নামে পার্সেলের মাধ্যমে কাফনের কাপড়, গোলাপ জল, আগরবাতি ও একটি হুমকিমূলক চিরকুট পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকার একটি প্রতিষ্ঠানের ঠিকানায় এস.এ পরিবহনের মাধ্যমে পার্সেলটি পাঠানো হয়। প্রেরকের পরিচয়ে আশুগঞ্জের একটি নাম ও একটি মোবাইল নম্বর উল্লেখ ছিল। পরে নির্বাহী কর্মকর্তার ছেলে পার্সেলটি গ্রহণ করে খুলে দেখতে পান, ভেতরে কাফনের কাপড়, গোলাপ জল, আগরবাতি এবং একটি চিরকুট রয়েছে। চিরকুটে এক মাসের মধ্যে ভৈরব ত্যাগ না করলে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়।

মো. ফারুক বলেন, দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে তিনি সততা ও সরকারি বিধি-বিধান অনুসরণ করে দায়িত্ব পালন করে আসছেন। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় কোনো স্বার্থান্বেষী মহল এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। তিনি জানান, এ ঘটনায় তার পরিবারও মানসিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস জানান, অভিযোগের ভিত্তিতে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। পার্সেলের প্রেরক এবং ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্র ধরে ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *