ভারতের পশ্চিমবঙ্গে সরকারি প্রশাসনের সব স্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়া হয়েছে। নতুন ভাষানীতি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে সরকারি দাপ্তরিক কার্যক্রমে বাংলা ভাষাকে প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করা হবে।
নতুন নীতিমালায় বলা হয়েছে, রাজ্যের অভ্যন্তরীণ সরকারি চিঠিপত্র, নির্দেশিকা, নোটিং ও বিজ্ঞপ্তি বাংলা ভাষায় প্রস্তুত করা হবে। কেন্দ্রীয় সরকার ও অন্যান্য রাজ্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজনে হিন্দি ভাষাও ব্যবহার করা হবে।
সরকারের দাবি, প্রশাসনকে আরও জনমুখী ও সহজবোধ্য করতে এই ভাষানীতি কার্যকর করা হচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরামর্শের কথাও উল্লেখ করা হয়েছে। তার সুপারিশে সরকারি ফাইল, চিঠিপত্র, নির্দেশিকা এবং এফআইআরসহ বিভিন্ন প্রশাসনিক কাজে বাংলা ভাষার ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
রাজ্য সরকার জানিয়েছে, নতুন ভাষানীতি বাস্তবায়নের আগে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হবে। এর মাধ্যমে সরকারি সেবায় মাতৃভাষার ব্যবহার আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

