প্রধান খবর

লংমার্চে বাধা এলে লড়াই করেই গন্তব্যে পৌঁছাব: জামায়াত আমির

জনগণের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে ঘোষিত লংমার্চে কোনো বাধা এলে তা প্রতিরোধ করেই গন্তব্যে পৌঁছানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেন, ১৮ কোটি মানুষের অধিকার নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ৬ দফা দাবির ভিত্তিতে আয়োজিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে ডা. শফিকুর রহমান স্পষ্ট ভাষায় বলেন, তাঁরা কোনো দল বা বিশেষ গোষ্ঠীর স্বার্থে রাজপথে নামেননি; বরং দেশের সাধারণ মানুষের দাবি আদায়ে সংকল্পবদ্ধ। প্রচলিত ৬ দফার পাশাপাশি দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার নতুন লক্ষ্য যুক্ত করার কথা উল্লেখ করে তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকটে জর্জরিত সাধারণ মানুষ ভূতুড়ে বিল ও অনিয়মে অতিষ্ঠ।

সম্প্রতি প্রতিবাদী এক তরুণের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, পরিস্থিতির শিকার হয়ে সিফাত নামের ওই তরুণ প্রতিবাদ করেছিলেন। অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি সরকারকে সতর্ক করে বলেন, ইতিহাস সাক্ষী যে এক নূর হোসেন কিংবা ডা. মিলনের রক্তে অতীতে অনেক ক্ষমতার মসনদ উল্টে গেছে।

লংমার্চ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার পদুয়ার বাজার, ফেনীর মহীপাল ও মিরসরাইয়ে একাধিক পথসভা শেষে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাপনী জনসভার মাধ্যমে এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। সমাবেশটিতে কোরআন তেলাওয়াতের পর উদ্বোধনী বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *