প্রধান খবর

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল বা গ্যাসও পরিবহন করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি দাবি করেছে, অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম চলতে থাকলে গুরুত্বপূর্ণ এই নৌপথ নিরাপদ থাকবে না।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসন’ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল পণ্যের নিরাপদ পরিবহন ব্যাহত হবে। একই সঙ্গে মার্কিন বাহিনীকে সম্ভাব্য ‘শাস্তিমূলক অভিযানের’ জন্য প্রস্তুত থাকারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এদিকে আইআরজিসি দাবি করেছে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে জর্ডানের আকাবা বিমানবন্দরে অবস্থানরত একটি মার্কিন সামরিক বিমানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের একটি রুট ব্যবহার করতে গিয়ে দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় অচল হয়ে পড়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।

তবে জাহাজ দুটির পরিচয়, পতাকাবাহী দেশ, ক্রু সদস্য বা হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, আইআরজিসির এসব দাবি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *