ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন ২৬ কার্যদিবস শেষে সমাপ্ত হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাতে রাষ্ট্রপতির অধিবেশন সমাপ্তি-সংক্রান্ত ঘোষণা পাঠের পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবারের অধিবেশনে বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয় ১৪ কার্যদিবস। প্রায় ৪৮ ঘণ্টা ৫১ মিনিটব্যাপী আলোচনায় অংশ নেন ৩১৬ জন সংসদ সদস্য, যেখানে বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতামত ও প্রস্তাব উপস্থাপন করা হয়।
অধিবেশন চলাকালে মোট ১০টি সরকারি বিল পাস হয়। পাশাপাশি সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ ১১টি সংসদীয় কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়।
এছাড়া কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী জমা পড়া ৭১৫টি নোটিশের মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর উদ্দেশে জমা পড়া ২৭৮টি প্রশ্নের মধ্যে ৩৫টির উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশে জমা দেওয়া ৫ হাজার ৩১টি প্রশ্নের মধ্যে ৩ হাজার ৪৭৪টির উত্তর প্রদান করা হয়েছে।

