জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর প্রধান এবং আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিক রাবাব ফাতিমাকে নিয়োগ দিয়েছেন। তিন দশকেরও বেশি সময়ের কূটনৈতিক ও আন্তর্জাতিক প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাবাব ফাতিমা কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হচ্ছেন। এ সময় বিদায়ী প্রধান রোজা ওতুনবায়েভার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মহাসচিব। পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী জর্জেট গ্যানিয়নের প্রতিও ধন্যবাদ জানান তিনি।
বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
কূটনৈতিক জীবনে রাবাব ফাতিমা ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি, শান্তি প্রতিষ্ঠা কমিশনের প্রথম নারী চেয়ার এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সহসভাপতির দায়িত্বও সফলভাবে পালন করেছেন।

