দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ২ দশমিক ১৬ কেজি অবৈধ স্বর্ণ জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে ফ্লাইদুবাইয়ের এফজেড-৪৬৩ ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছানোর পর কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই)-এর যৌথ দল তাকে আটক করে। তল্লাশিতে তার শরীর ও পোশাকের বিশেষভাবে লুকানো অংশ থেকে স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি মোহাম্মদ শহীদুল আলম চৌধুরীর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্বর্ণ চোরাচালান ও বৈদেশিক মুদ্রা পাচার প্রতিরোধে এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

